ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে জামায়াত ইসলামী ও সরকার সমর্থকরা সমাবেশ আহ্বান করায় দেশের কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার সকাল থেকে বগুড়া সদর, লক্ষ্মীপুরের রায়পুর, নোয়াখালীর চৌমুহনী এবং সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও কানাইঘাট উপজেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জামায়াতের শীর্ষ নেতাসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি, সরকারের ‘দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সোমবার বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে জামায়াতের শীর্ষ আট নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।
কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর জামায়াত ইসলামীর ডাকা সোমবার বিকালের বা৬য়তুল মোকাররমের উত্তর গেটের বিক্ষোভ সমাবেশ ও মিছিলেরও অনুমতি দেয়নি পুলিশ।
বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া: সদরের গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
একই সময় জামায়াত ইসলামী ও স্বেচ্ছাসেক লীগ সমাবেশ আহবান করায় এ ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তি-শৃংখলা বজায় রাখতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
লক্ষ্মীপুর: জেলার রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠে সোমবার বিকাল ৩টায় স্থানীয় জামায়াত ও পৌর যুবলীগ সমাবেশ আহ্বান করায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
রায়পুরের ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
রাত ১০টা থেকে রায়পুর পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নোয়াখালী: আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী একই সময়ে সভা আহ্বান করায় চৌমুহনী রেলওয়ে চত্বর ও আশপাশে সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বেগমগঞ্জের ইউএনও খন্দকার নুরুল হক ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট: সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাটে ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।
বিশ্বনাথের ইউএনও সোনামণি চাকমা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলার সদরে সোমবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গোলাপগঞ্জের ইউএনও এস এম মনিরুদ্দীন জানান, সদরের চৌমুহনী এলাকায় জামায়াত ও ছাত্রলীগ একই সময়ে সভা আহ্বান করায় সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও এলাকায় ১৪৪ ধারা জারির কথা জানিয়েছেন ইউএনও লুৎফর রহমান।
তিনি জানান, এখানে জামায়াত ও ছাত্রলীগ একই সময়ে সমাবেশ ডেকেছিল।
বিয়ানীবাজারের ইউএনও শহীদুল ইসলাম চৌধুরী দক্ষিণ বিয়ানীবাজার বাজার এলাকায় ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে জামায়াত ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি একই সময়ে সমাবেশ ডেকেছিল। তাই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কানাইঘাটের ইউএনও এস এম সোহরাব হোসেন জানান, পৌর এলাকায় জামায়াত ও পৌর আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে পৌর এলাকা থেকে রোববার রাতে আব্দুর মতিন ও মোহাম্মদ ইয়াহিয়া নামে দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আব্দুল হাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৪২০ ঘ.
bdnews24