ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের মাস ডিসেম্বরে আনন্দে ব্যাঘাত ঘটানোর জন্যই বিরোধী দল কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে পুরান ঢাকার ছোট কাটারায় ‘চাঁন সরদার কোল্ড স্টোরেজ লিমিটেড’ উদ্ধোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, “বিজয়ের মাসে মানুষ আনন্দ করবে, মুক্তির ইতিহাস শুনবে, স্বজন হারানোর ব্যথা অনুভব করবে। কিন্তু দুঃখ হয়। একটি দল, একজন নেত্রী আনন্দ করতে চায় না। তারা যেন প্রতিশোধ নিতে অবরোধ কর্মসূচি দিয়েছেন!”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছে।
খালেদা জিয়াকে ‘সিদ্ধান্তহীন নেত্রী’ হিসাবে আখ্যায়িত করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি সিদ্ধান্ত নিতে নিতেই বছরের পর বছর পার করে দেন। বিদুৎ সমস্যা সমাধানের করার যে প্রতিশ্র“তি দিয়েছেন সেটাও আপানার ভেল্কি।”
বর্তমান সরকারের আমলে সব ধরনের দুর্নীতির বিচার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আপনি (খালেদা) এক মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। আর আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেখুন, হলমার্ক বলুন আর ডেসটিনি বলুন সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।”
অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষি ব্যাংকে চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালিদ ও হাজি মো. সেলিম বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৫১ ঘ.
bdnews24