কক্সবাজার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্ú্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও বসতি পরিদর্শনের পর উখিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার সার্কিট হাউজ থেকে তিনি সড়ক পথে উখিয়ার উদ্দেশ্যে রওনা হন। একই গাড়িতে বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে তাণ্ডব চালায় উগ্রপন্থীরা।
শনিবার রামুর ক্ষগ্রিস্ত মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করে এক সম্প্রীতি সমাবেশে অংশ নেন খালেদা জিয়া। সেখানে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের ইন্ধনেই রামুতে হামলার ঘটনা ঘটে। ‘থলের বিড়াল’ বেরিয়ে আসার ভয়ে সরকার রামুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করেনি বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এর বিচার করে অপরাধীদের শাস্তি দেবে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।
রামু পরিদর্শনের পর কক্সবাজারে ফিরে আসেন খালেদা জিয়া। সেখানে সার্কিট হাউজে রাত কাটান তিনি।
রোববার বেলা ১২টায় দিকে তিনি উখিয়ায় ক্ষতিগ্রস্ত দীপাঙ্কুর বৌদ্ধ বিহার পরিদর্শন করবেন। এরপর স্থানীয় উচ্চ বিদ্যালয় খেলার মাঠে একটি জনসভায় বক্তৃতা দেবেন।
উখিয়ার কর্মসূচি শেষ করে খালেদা জিয়া বিকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১২০৫ ঘ.
bdnews24