২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুদৃঢ় বন্ধন আরো মজবুত হবে’

ঢাকা সফরে আসা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকের পর এই আশা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উভয়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধন মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন হিনা রাব্বানি খার। পাঁচ ঘণ্টার জন্য ঢাকা সফরে এসে শেষ কর্মসূচি হিসেবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে তার এই মনোভাব প্রকাশ করেন। ডি-এইটের ইসলামাবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসেন হিনা রাব্বানি। প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরের পর গুলশানে বিরোধীদলীয় নেতার বাসভবনে যান হিনা, সেখানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন তিনি। ঢাকায় নিজের প্রথম সফরে উষ্ণ আতিথেয়তায় অভিভূত হিনা রাব্বানি সাংবাদিকদের বলেন, “দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের মধ্যকার সুদূঢ় যে বন্ধন রয়েছে, তা ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা করছি।” হিনা রাব্বানির সঙ্গে বৈঠকে দীপু মনি একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। তবে জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অতীত ভুলে ভবিষ্যত সম্পর্ক গড়ে তোলার কথা বলেন। সংক্ষিপ্ত এই সফরের বিষয়ে হিনা রাব্বানী বলেন, “ডি-এইট দেশগুলোর সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে আমি ঢাকায় এসেছি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারির বিশেষ দূত হিসেবে ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি।” বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া ও হিনা রাব্বানি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদি হাশমী কোরেশীও ছিলেন। বিরোধীদলীয় নেতার বাসা থেকে বেরিয়েই শাহজালাল বিমানবন্দরে রওনা হন হিনা রাব্বানি। শুক্রবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশে পা রেখেছিলেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশে এলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২২ ঘ.