২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন মামলায় আসামি ৮০০ জামায়াতকর্মী

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আটশ’ নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

সিলেট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আটশ’ নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কোতয়ালি থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন ও হাবিউল ইসলাম বাদি হয়ে এ মামলাগুলো দায়ের করেন বলে জানান ওসি আতাউর রহমান। তিনি জানান, এসব মামলায় জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৮শ’ জনকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে জামায়াত-শিবিরের ৫২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, জেলরোড, বারুতখানা, জল্লারপাড় এলাকায় জাময়াত কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে ব্যাপক সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের ঘটনায় সহকারী কমিশনার নরেশ চাকমা, কোতোয়ালীর ওসি আতাউর রহমান বাবুল, এস আই আশরাফুজ্জামানসহ ২০ পুলিশ সদস্য আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪১২ ঘ.