২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কৃষক দল, যুবদলের দুই নেতার লাশ উদ্ধার

গাজীপুর সদরের পৃথক স্থান থেকে মঙ্গলবার বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

গাজীপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পৃথক স্থান থেকে মঙ্গলবার বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ু বাগেরহাট কৃষক দলের সাবেক সভাপতি আতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয় উপজেলার নগরপাড়ার একটি ভাড়া বাসা থেকে। তিনি রামপাল থানার সোনাতলিয়া গ্রামের স’ মিল ও রাইস মিল ব্যবসায়ী শেখ আব্দুর রশিদের ছেলে। এছাড়া কোনাবাড়ি ইউনিয়নের যুবদলের আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের (৩৮) লাশ উদ্ধার করা হয় সদরের দেউলিয়া বাড়ি এলাকার হাতিমারা- মৌচাক সড়কের পাশের একটি বাঁশ ঝোপ থেকে। মোস্তফা ওই এলাকায় রড-সিমেন্টের ব্যবসা করতেন। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাছেদ মিয়া সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১০টায় নগরপাড়ার মো. বাবুল মণ্ডলের বাসায় আতিয়ার, এক নারীসহ তার এক বন্ধুকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন। বৃষ্টির কারণে তারা বিছানাপত্র নিয়ে আসতে পারেননি বলে মালিককে জানান। বাড়ির মালিক ভোটার আইডি কার্ড, ছবি ও পরিচয়পত্র চাইলে পরদিন মালপত্র নিয়ে আসবেন বলে জানায় তারা। সকালে বাড়ির লোকজন ওই ঘরে আতিয়ারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পড়ে থাকা মোবাইল ফোনসেট থেকে নম্বর নিয়ে তার স্বজনদের কাছে ফোন করা হয়। এসআই বাছেদ বলেন, এটি একটি পরিকল্পিত খুন, বিষাক্ত ইনজেকশন দিয়ে বা বিষ খাইয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পরই সঙ্গীরা পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মেয়ের স্বামী রেজাউল করিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মেয়ে শারমীন আক্তার জানান, গত রোববার তিনি গ্রাম থেকে ঢাকার মগবাজারে তার বাসায় আসেন। সোমবার গাজীপুরে মিটিং আছে বলে বাসা থেকে বের হন। অপরদিকে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান হাসান বলেন, মঙ্গলবার সকাল ৮টার হাতিমারা-মৌচাক সড়কের পাশে একটি বাঁশ ঝাড়ের ভেতরে মোস্তফা কামালের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। “ধারণা করা হচ্ছে তাকে পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধে সোমবার রাতের কোন এক সময় হত্যা করা হয়।” মোস্তফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে সুরমা আক্তার (২৮) ও সফিকুল ইসলাম নামে দুই জনকে গ্রেপ্তার করেছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৬ ঘ.