২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেপ্তার হননি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের মিছিলে গুলিবর্ষণকারী বিএনপি নেতা পান্না মোল্লাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের মিছিলে গুলিবর্ষণকারী বিএনপি নেতা পান্না মোল্লাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গুলিবর্ষণে জড়িতরা সবাই পলাতক রয়েছে বলে রোববার ফতুল্লা থানার ওসি আবদুল মতিন জানিয়েছেন। যুবদলের কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ফতুল্লার নন্দলালপুর খালপাড় এলাকায় একটি বিক্ষোভ মিছিলে গুলি হলে যুবদলের পাঁচ নেতাকর্মী আহত হন। এ সময় ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি পান্না মোল্লাকে পিস্তল হাতে মিছিলে গুলি করতে দেখা যায়। রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে এই ছবি ছাপাও হয়। ওসি সাংবাদিকদের বলেন, “পান্না মোল্লার সঙ্গে গাজী ইব্রাহিম ও রানাকেও চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।” এদিকে গুলিবিদ্ধ ৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মাসুমের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন। মামলায় পান্না মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, সেই সঙ্গে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ওসি মতিন জানান, পান্না মোল্লার হাতে যে পিস্তলটি দেখা গেছে, তা তার লাইসেন্স করা অস্ত্র। শনিবারের ঘটনায় গুলিবিদ্ধ মাসুম, শাহ আলম, নূর হোসেন, বাশার, আল আমীন ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০১৭ ঘ.