২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ আ. লীগকে আর চায় না: এরশাদ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দাবি করে ঘাটাইলে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

টাঙ্গাইল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দাবি করে ঘাটাইলে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এইচ এম এরশাদ। রোববার ঘাটাইলে নির্বাচনী পথসভায় ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এই আহ্বান জানান। জাতীয় পার্টি বর্তমানে মহাজোটে থাকলেও আগামী নির্বাচন আলাদাভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন। এরশাদ বলেছেন, “দেশের মানুষ আর আওয়ামী লীগ সরকারকে চায় না। সরকারের কর্মকাণ্ডে মানুষ হতাশ হয়ে পড়েছে। দেশে কোনো উন্নয়ন হয়নি, শুধু খুন ও গুমের ঘটনা ঘটছে।” “এ দেশে চাকরি হয় টাকা ও মন্ত্রীদের সুপারিশে। এ অবস্থার পরিবর্তন চায় দেশের মানুষ, চায় নতুন সরকার,” বলেন সাবেক এই রাষ্ট্রপতি। তুহিনের সমর্থনে শেখ শিমুল ঈদ গা মাঠসহ কয়েকটি স্থানে পথসভায় অংশ নেন জাপা চেয়ারম্যান। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির শাসন দেখেছেন, আওয়ামী লীগের শাসন দেখেছেন এবং এরশাদ সরকারের ৯ বছরের শাসন দেখেছেন। “আপনারাই মূল্যায়ন করুন, কোন সরকারের আমলে দেশের মানুষ ভাল ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০০ ঘ.