২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি সভাপতির সঙ্গে খালেদার বৈঠক

জয়পুর থেকে নয়া দিল্লি ফিরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুক্রবার বিকালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নিতিন গরকারীর সঙ্গে বৈঠক করেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুর থেকে নয়া দিল্লি ফিরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুক্রবার বিকালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নিতিন গরকারীর সঙ্গে বৈঠক করেছেন । ভারত সফরের ষষ্ঠ দিনে তিনি ভারতের প্রধান বিরোধী দল বিজেপির প্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হলেন। পৌনে এক ঘন্টা স্থায়ী এ বৈঠকের পর হোটেল তাজ প্যালেসে এক সংবাদ ব্রিফিঙে খালেদার সফরসঙ্গী শমসের মবিন চৌধুরী জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গরকারীর সঙ্গে ছিলেন বিজেপির সহসভাপতি ও মুখপাত্র বিজয় জোলি, রাজ্যসভার বিরোধী দলীয় উপনেতা রবী শংকর প্রসাদ। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার সফরসঙ্গী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ খালেদা রাব্বানী, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। ভারত সরকারের আমন্ত্রণে গত ২৮ অক্টোবর খালেদা জিয়া ৭ দিনের সফরে নয়া দিল্লি পৌঁছান। সেদিনই তিনি লোকসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি সংসদ সদস্য সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া মধ্যহ্নভোজে বিজেপি’র শীর্ষ স্থানীয় নেতা এল কে আদভানীর সঙ্গেও খালেদা জিয়ার কথাবার্তা হয়। শুক্রবার বিকাল ৫টায় খালেদা জিয়া নয়া দিল্লিতে বিজেপি নেতা নিতিন গরকারীর ১৩ নম্বর তিনমুর্তি লেনের বাসভবনে যান। বাসভবনে পৌঁছালে নিতিন গরকারী বাংলাদেশের বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান। সংবাদ ব্রিফিঙে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, “বৈঠকে তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধী দলীয় নেতা বিজেপি প্রধানকে বলেছেন, বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা গেলে এই সম্পর্ক সুদৃঢ ও নিবিড় হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়।’’ জয়পুরে দুই দিনের সফর শেষে শুক্রবার দুপুরে সড়ক পথে নয়া দিল্লি ফেরেন খালেদা জিয়া। রাজস্থানের রাজধানী জয়পুর সফরকালে তিনি ঐতিহাসিক আম্বর ফোর্ট ও মহারাজা মানসিংয়ের রাজপ্রাসাদ সিটি প্যালেস পরিদর্শন করেন। বৃহস্পতিবার খালেদা জিয়া আজমীরে হযরত খাজা মঈনুউদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করেন। খালেদার এই সফরের সংবাদ জানাতে তার সঙ্গে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। সাত দিনের সফর শেষে শনিবার দুপুরে বিরোধী দলীয় নেতা দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০৮ ঘ.