নারায়ণগঞ্জ শহর বিএনপি সাধারণ সম্পাদক আটক
নারায়ণগঞ্জে হরতালের মিছিল থেকে মঙ্গলবার নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে হরতালের মিছিল থেকে মঙ্গলবার নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ।
সকাল সাড়ে ৭টার দিকে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভাংচুরের অভিযোগে শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ১৬ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে শহরের গলাচিপা এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
তারা মিছিল নিয়ে শহরের চাষাঢ়া এলাকায় এলে পুলিশ বাধা দেয় এবং তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়।
পরে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের চাষাঢ়ায় টায়ারে অগ্নিসংযোগ করে। ভাংচুর করে বেশকয়েকটি যানবাহন।
এদিকে ভোরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেক দলের সভাপতি মো. শামীম ও জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া ভোরে রূপগঞ্জের কাঞ্চনে একটি বাস ও দুটি ট্রাকে আগুন দিয়েছে বিএনপির সমর্থকরা।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
