প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বসবে ইসি
একসঙ্গে নয়, সংলাপে প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
একসঙ্গে নয়, সংলাপে প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সংলাপসূচিতে একদিনে নির্ধারিত সব দলকে নিয়ে একসঙ্গে বৈঠকের কথা থাকলেও জামায়াতের সঙ্গে বসতে সিপিবির আপত্তির পর বৃহস্পতিবার আকস্মিকভাবে সিদ্ধান্তের বদল হয়েছে।
পরিবর্তিত সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি সচিব মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশন মনে করে, প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বসলে ফলপ্রসূ আলোচনা হবে।”
সংলাপসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এবং জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে একসঙ্গে বৈঠকের কথা ছিল।
কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গে একসঙ্গে বসতে আপত্তি জানিয়ে বুধবার ইসির সংলাপ বর্জনের ঘোষণা দেয় সিপিবি।
আগামী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে ইসি। চার দিনে ৩৮টি দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। গত সোমবার থেকে আমন্ত্রণপত্রও পাঠানো শুরু হয়।
সংলাপের প্রথম দিনে ২৬ নভেম্বর ৯টি, দ্বিতীয় দিন ২৮ নভেম্বর ৮টি, তৃতীয় দিন ২৯ নভেম্বর ৮টি এবং শেষ দিনে ২ ডিসেম্বর ১৩টি দলের নেতাদের সঙ্গে বসার সিদ্ধান্ত নেয় ইসি।
তবে এখন সব দলের সঙ্গে আলাদাভাবে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় এই সংলাপসূচিতে পরিবর্তন আসতে পারে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। আমন্ত্রণপত্রও যাচ্ছে নতুন করে।
মোহাম্মদ সাদিক বলেন, “প্রতিটি দলের সঙ্গে যেহেতু আলাদাভাবে বসব, সেজন্য ইসির সম্মেলন কক্ষে সংলাপ হবে। এখন প্রতিটি দলের অন্তত সাতজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে।”
প্রতিটি দলের সঙ্গে আলোচনার জন্য এক ঘণ্টা সময় রাখা হয়েছে বলে ইসি সচিব জানান।
আগের সিদ্ধান্ত ছিল, প্রতিটি দলের তিনজন প্রতিনিধি থাকবে এবং সংলাপ হবে এনইসিতে।
ক’দিন ধরে সংলাপ চলবে- জানতে চাইলে সচিব বলেন, “কদিন চলবে, তা আপনাদের জানানো হবে। তবে ২৬ নভেম্বর থেকেই শুরু হচ্ছে।”
ইসির এক কর্মকর্তা জানান, সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিনই সংলাপের পরিকল্পনা হচ্ছে। সেক্ষেত্রে নির্ধারিত ২৬, ২৮ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর ছাড়া অন্য দিনেও সংলাপ হতে পারে।
নতুন সংলাপসূচি জানিয়ে বৃহস্পতিবার থেকে বিশেষ বাহক মারফত নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে বলে জানান সচিব।
আগের সংলাপসূচি অনুযায়ী ২৬ নভেম্বর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে ইসির বৈঠকের কথা ছিল।
২৮ নভেম্বর বসার কথা ছিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (জেপি), জাসদ, জেএসডি ও এনপিপির সঙ্গে।
২৯ নভেম্বর যে দলগুলোর সঙ্গে বসার কথা ছিল, সেগুলো হচ্ছে- আওয়ামী লীগ, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি ও বিজেপি।
২ ডিসেম্বর বিএনপি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, সাম্যবাদী দল, বিকল্পধারা, জামায়াতে ইসলামী, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এলডিপির সঙ্গে সংলাপে বসার সূচি ঠিক করেছিল ইসি।
বর্তমান ইসি গঠনের পর এই প্রথম রাজনৈতিক সদলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। গত ১৩ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি, ১০ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধি, ২২ নভেম্বর এনজিও প্রতিনিধির সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুননির্ধারণ বিষয়ে সংলাপ করে তারা।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি ২০০৭ সাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা করে।
