২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফসারের পেছনে বিএনপির ছায়া: তোফায়েল

স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খানের নির্বাচন প্রত্যাখ্যানের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খানের নির্বাচন প্রত্যাখ্যানের পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের নেতা তোফায়েল আহমেদ। রোববার কাপাসিয়ার একটি কেন্দ্রে সিমিন হোসেন রিমির পক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এই সভাপতি বলেন, “আফসার উদ্দিনকে বিএনপি জামায়াত সমর্থন দিয়েছে। বিএনপির হাতের পুতুল হিসাবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।” ভোট শেষ হওয়ার কয়েক মিনিট আগে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন রিমির চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান। তিনি বলেন, এ প্রহসনের নির্বাচনের সাজানো ফল আমি মেনে নিতে পারছি না। অনেক কেন্দ্র দখলসহ জাল ভোট দিয়ে একপেশে পাতানো নির্বাচন মানার মতো নয়। এ বিষয়ে তোফায়েল বলেন, “নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আফসার ঠিক ছিল। বিএনপি প্রমাণ করতে চেয়েছে- দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠান সম্ভব নয়। এজন্যই তারা আফসারকে দিয়ে এ কাজটি করিয়েছে।” নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশন আভাস দিয়েছে, সব মিলিয়ে গড়ে ৩৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে। কম ভোট পড়ার বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, “প্রকৃতিক দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কম। উপনির্বাচনে এমনিতেই ভোটারদের উপস্থিতি একটু কম থাকে। এরমধ্যে যদি প্রধান দুটি দলের প্রার্থী না থাকে তাহলে ভোটারদের উপস্থিতি কম হয়।” এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি ছাড়াও স্থানীয় এমপি ও নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৪০ ঘ.