ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিভিশনের টক শোতে যারা সরকারের ঢালাও সমালোচনা করে যাচ্ছেন, তারা বিরোধী দলের লোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু।
শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা নিজেরা নিজেদের সম্মান করতে জানি না। নিজেরা নিজেদের কথা বলতে পারি না।...শুধু দোষ নিয়ে আলোচনা হবে এটা হতে পারে না, তারা বিরোধী দলের লোক।”
অন্য কোনো রাষ্ট্রনায়কের শেখ হাসিনার মতো ‘অর্জন’ আছে কিনা- সে প্রশ্নও তোলেন এই আওয়ামী লীগ নেতা।
বিএনপির নির্দলীয় সরকারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করলেও এর পেছনে কোনো যুক্তি নেই।”
আমু দাবি করেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়নি। নির্বাচন কমিশন সব সময়ই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে।
নির্বাচন ‘পদ্ধতি ঠিক করতে’ ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিএনপিকে বারবার আলোচনার প্রস্তাব দেয়া হলেও তাতে সাড়া না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আমু বলেন, “তারা চায় সংঘাত। বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায়।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা শুক্রবার ৬৬ বছরে পা দিয়েছেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘জিরো থেকে হিরো হয়েছেন’ এমন মন্তব্য করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন শিল্পীমন্ত্রী দিলীপ বড়–য়া।
শেখ হাসিনার ‘হাতকে’ শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান সাম্যবাদী দলের এই সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আবহানী ক্রীড়াচেক্রের পরিচালক শেখ মো. জাহাঙ্গীর আলম আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24