ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দাবি অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন না হলে ২০০৭ সালের ১১ জানুয়ারির চেয়েও ‘ভয়াবহ’ অবস্থার সৃষ্টি হতে পারে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
দেশ আর ১/১১ তে ফিরে যেতে চায় না- নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে এক আলোচনা সভায় রফিকুল বলেন, ওয়ান ইলেভেনের পরের সরকার তত্ত্বাবধায়ক ছিল না, তা ছিল সেনা সমর্থিত সরকার।
“তাই ১/১১ এর অবস্থা আর যাতে না হয়, সেজন্য অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন। নইলে ১/১১ এর চেয়ে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক শাসন বলবৎ রাখতে চাই।”
বিগত চার দলীয় জোট সরকারের মেয়াদ শেষে আওয়ামী লীগের নির্বাচন বর্জন এবং বিএনপির অনড় অবস্থানের মধ্যে দেশে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে রাষ্ট্র পরিচালনার দাীয়ত্ব নেয় নতুন তত্ত্বাবধায়ক সরকার।
ওই সরকারের দুই বছরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয়।
সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার নিউ ইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় বলেন, “দেশের মানুষ আর ওয়ান-ইলেভেনের অবস্থায় ফিরে যেতে চায় না। ওই সময়ে ফখরুদ্দিন আহমদের সরকার ক্ষমতা আকড়ে রাখতে চেয়েছিল। এজন্য তারা অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে।”
জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন না হলে জনগণ তা মানবে না।
সংবিধানের এয়োদশ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়েরও সমালোচনা করেন আইনজীবী রফিকুল।
তিনি বলেন, “সংক্ষিপ্ত রায়ের সঙ্গে ১৬ মাস পরে দেয়া পূর্ণাঙ্গ রায়ের কোনো মিল নেই। এ রকমভাবে রায় পাল্টানোর নজির বিশ্বে নেই।”
এতে বিচার বিভাগের স্বাধীনতাও খর্ব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রফিকুল বলেন, “ক্ষমতা কুক্ষিগত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সরকার সংবিধানে সংযোগ করেছে। এই বিধানে নির্বাচন জনগণ মেনে নেবে না।”
‘প্রতিহিংসার রাজনীতি: অতীত ও বর্তমান প্রেক্ষাপটে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিম।
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন হ এহছানুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান বক্তব্য রাখেন।
‘আন্দোলনেই ফয়সালা’
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে যুব জাগপার উদ্যোগে ‘তত্ত্বাবধায়ক সরকার, বিচারিক রায়, নির্বাচনের ভবিষ্যৎ: দেশ আজ কোনো পথে’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, নির্দলীয় সরকারের দাবি সরকার না মানলে আন্দোলনেই এর ফয়সালা হবে।
“এই সরকারকে জনগণ সমুচিত জবাব দেবে”, বলেন তিনি।
সংগঠনের সভাপতি ইনসান আলম আক্কাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪০ ঘ.
bdnews24