ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে পাঁচ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ করেছে।
তারা সবাই মামলার প্রামাণ্য দলিলপত্রের জব্দ তালিকার সাক্ষী। তাদের মধ্যে কেউ আছেন যারা তদন্ত কর্মকর্তার জব্দ করা নথিগুলোর যথার্থতা বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
আবার কেউ আছেন যারা ওই সমস্ত নথির সংরক্ষক। তারা ওগুলো মামলার আলামত হিসেবে উপস্থাপন করেছেন।
সাক্ষীরা রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের পরিচয়পত্র থেকে শুরু করে শহীদদের ছবিসহ অনেক নথি ও জিনিসপত্রের কপি আদালতে উপস্থাপন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে উস্কানি, ষড়যন্ত্র, সহযোগিতা ও যুদ্ধাপরাধের পরিকল্পনার অভিযোগে গত ১৩ এপ্রিল গোলাম আযম অভিযুক্ত হন।
সাঈদীর পক্ষে সাক্ষ্য
মুক্তিযুদ্ধের সময় আড়াই মাস জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী যশোরে তার বাড়িতে ছিলেন বলে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার পক্ষের এক সাক্ষী।
৬২ বছর বয়সী রওশন আলী বলেন, ১৯৭১ সালের মে মাসের শুরু থেকে মধ্য জুলাই পর্যন্ত সাঈদী তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া ইউনিয়নে অবস্থান করেছিলেন।
রওশন জানান, স্থানীয় এক পীর, যার বাড়িতে সাঈদী সপরিবারে অবস্থান করছিলেন, মার্চের শেষের দিকে তার বাড়িতে জায়গা না হওয়ায় সাঈদীকে কিছু সময়ের জন্য তার বাড়িতে রাখতে বলেন।
এই সাক্ষী বলেন, সাঈদীকে তার স্ত্রী, দুই ছেলে ও কিশোরী কাজের মেয়েসহ তিনি মধ্য জুলাই পর্যন্ত তার বাড়িতে আশ্রয় দেন। এরপর সাঈদী বরিশালে তার বাড়িতে চলে যান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হায়দার আলীর এক প্রশ্নের জবাবে বলেন, সাঈদী তার আশ্রয় নেয়ার সময় মাচ্ছি নামের ওই কাজের মেয়ের বয়স আট বা নয় বছর হবে।
তবে এ পর্যন্ত আর কোনো সাক্ষী এই মেয়েটির কথা উল্লেখ করেনি।
সাকা চৌধুরীর বিরুদ্ধে ১৩তম সাক্ষী
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক সাক্ষী প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে বলেন, চট্টগ্রামের রাউজানে জগৎমল্লপুর গ্রামে তার পরিবারের সদস্যদের হত্যা করাসহ গণহত্যার নেতৃত্ব দেন সালাউদ্দিন চৌধুরী।
ত্রয়োদশ সাক্ষী আশীষ চৌধুরী বলেন, তিনি শুনেছেন মুসলিম লীগের কর্মীসহ সালাউদ্দিন কাদের চৌধুরী একদল পাকিস্তানি সেনাদের নেতৃত্ব দিয়ে ৩০ থেকে ৪০ জন মানুষকে হত্যা করে।
তিনি বলেন, তার বড়ভাই, বাবা, চাচা, ফুফু ও প্রতিবেশীদের তাদের বাড়ির আঙিনায় হত্যা করে গণকবর দেয়া হয়।
তবে সাক্ষী বলেন, তিনি ঘটনাটি অন্যদের কাছ থেকে শুনেছিলেন। কারণ, তাদেরকে হত্যা করার দিন তিনি বাড়ি থেকে দূরে ছিলেন এবং ওই রাতেই পরিবারের বেঁচে যাওয়া কয়েকজন সদস্যসহ ভারতে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২১২০ ঘ.
bdnews24