২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীদের সতর্ক ও ভোটারদের আশ্বস্ত করলেন সিইসি

গাজীপুর উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সবাইকে সতর্ক করেছেন কাজী রকিব উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সবাইকে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। আচরণবিধি লঙ্ঘন না করতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। আর অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দিতে নির্বাচন কর্মকর্তাদের বলেছেন তিনি। ভোট কেন্দ্রে নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট থাকবে জানিয়ে ভোটারদের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে ভোট দেয়ার আহ্বানও জানিয়েছেন সিইসি। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ভোটগ্রহণের ছয়দিন আগে সোমবার কাপাসিয়ায় মতবিনিময় সভায় অংশ নেন কাজী রকিব। এতে প্রার্থীরা ছাড়াও নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। গত ফেব্রুয়ারি কাজী রকিবের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠনের পর এটাই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দল এই নির্বাচনে অংশ না নিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতার পাশাপাশি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিবির এক প্রার্থী। কাজী রকিব বলেন, “উপনির্বাচনে ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য কেন্দ্রে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।” “আইন ও বিধিবহির্ভূত কোনো কাজ নির্বাচন কমিশন বরদাশত করবে না। আইনশৃঙ্খলা শক্তভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কাউকে কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্বে শৈথিল্য কোনোভাবেই মেনে নেয়া হবে না,” বলেন তিনি। আওয়ামী লীগের তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে অনুষ্ঠেয় এই নির্বাচনের তিন প্রার্থী সিমিন হোসেন রিমি, আফসার উদ্দিন আহমদ খান ও আসাদুল্লাহ বাদল মতবিনিময় সভায় ছিলেন। তিন প্রার্থীর উদ্দেশে সিইসি বলেন, “আপনারা ও আপনাদের কর্মী এবং সমর্থকরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থী সমান। আমরা আশাবাদী এ ব্যাপারে প্রার্থী ও কর্মীরা সজাগ থাকবে।” রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সভায় জানান, ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে কিছুর সত্যতা মিলেছে। এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন বলেন, তিনি আচরণবিধি মেনে চলছেন। “তবে একটি বিশেষ রাজনৈতিক দল, যারা নির্বাচন বয়কট করেছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে,” বলেন সোহেল তাজের এই বোন। সিমিনের চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন অভিযোগ করেন, তার কর্মীদের প্রচারণা ও গণসংযোগে বাধা, মারধর ও মাইক ছিনতাইসহ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। “রিটার্নিং কর্মকর্তার অফিসে দরখাস্তের পর দরখাস্ত দেয়া হলেও নিরাপত্তাহীনতার মধ্যেই রয়েছি,” বলেন সাবেক এই সংসদ সদস্য। আফসার নির্বাচনে সেনা সদস্য মোতায়ন, প্রার্থীর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে হাকিম নিয়োগের জন্য সিইসির প্রতি আবেদন জানান। সিপিবি প্রার্থী আসাদুল্লাহ বাদলও স্বতন্ত্র প্রার্থী আফসারের মতোই দাবি জানিয়েছেন। ভোটারদের উদ্দেশে কাজী রকিব বলেন, “আপনারা নির্বিঘেœ ভোট দিতে যাবেন। আপনারা আপনাদের বিবেক অনুযায়ী পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।” সিইসি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব কেন্দ্রে ক্যামেরা বসবে, যার ওপর সর্বক্ষণ নজর রাখা হবে। ভোটের তিন দিন আগে থেকে মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, র‌্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, তা দেখার জন্য দেশি, বিদেশি ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল থাকবে বলেও সিইসি জানান। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি বলেন, “নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা, নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে কেউ কাউকে অহেতুক চাপ বা ভয় দেখাতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।” সভায় র‌্যাব কর্মকর্তা কাউছার মাহমুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার শতাধিক র‌্যাব সদস্য নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। তারা দুই সেক্টরে ভাগ হয়ে ৪০টি টিমে কাজ করবে। পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব পদক্ষেপ নেয়া হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলীও বক্তব্য রাখেন। মতবিনিময় সভার পর সিইসি কাপাসিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ের পাশে স্থাপিত নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.