ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওলামা মাশায়েখ পরিষদ ও ১২টি ইসলামী দলের হরতাল চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আটক ৩৬ মাদ্রাসা ছাত্রকে কারাগারে পঠিয়েছে আদালত।
এছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় এবং সম্পৃক্ততা না পাওয়ায় সাদিকুল ইসলাম (১৬) নামের একজনকে মুক্তি দিয়েছে পুলিশ।
রোববার সকাল ৭টার কিছু আগে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় ইটের আঘাতে আহত হন যাত্রবাড়ী থানার এ এস আই রুহুল আমীন।
এরপর ঘটনাস্থল থেকে পুলিশ ৩৭ জনকে আটক করে, যাদের মধ্যে আব্দুল লতিফ ছাড়া সবাই ওই এলাকার তালিমুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করে আদালতে পাঠানো হয়। সেখানে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাওয়া হয়।
অন্যদিকে আসামিদের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাদের আইনজীবীরা।
শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে ৩৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- মো. জহির (২৪), মো বেল্লাল (৩০), আতাউল্লাহ (২৫), মেহেদী হাসান (১৮), নাঈম হাসান (১৮), গোলাম মর্তুজা (১৮), নাজমুল হাসান (১৮), তবিকুল ইসলাম (১৮), হাসান মিয়া (১৯), মনিরুজ্জামান মনির (১৮), আব্দুর রহিম (১৮), মো মাহফুজুর রহমান (১৯), মনিরুল ইসলাম (১৮), আব্দুল হামিদ (১৮), মো. শফিকুল ইসলাম (১৮), সিরাজুল ইসলাম (২০), খায়রুল ইসলাম (২০), মো নাবিব (১৮), রেদোয়ান আহমেদ (২০), মো শাহ পরান (১৮), ইসা আহমেদ (১৮), মোরতাসিন বিল্লাহ (২০), ওসমান খান (২২), শহীদুল ইসলাম (১৮), সফিউল আলম (২৫), নুরুন্নবী (১৮), মো রফিকুল ইসলাম (২০), রুহুল আমিন (১৮), বেল্লার মোল্লা (২৪), ফখরুল ইসলাম রুবেল (২১), মামুনুর রশীদ তালুকদার (১৮), ইকবাল সর্দার (১৮), হাসান হাওলাদার (১৮), ইয়াসির আরাফাত (১৮), ইয়াহিয়া হাসান (২০), রায়হান কবীর (১৮) ও আব্দুল লতিফ (৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/জেকে/১৮০১ ঘ.
bdnews24