সুমন মাহমুদ
দিনাজপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে সমাবেশ করতে দিনাজপুর গেছেন খালেদা জিয়া।
সড়ক পথে রোববার বিকাল পৌনে ৪টায় দিনাজপুর পৌঁছেছেন তিনি। এরপর পরপরই জনসভাস্থল গোরা শহীদ ময়দানে (বড় মাঠ) যান তিনি।
বিরোধীদলীয় নেতা মঞ্চে উঠলে সমবেত কর্মী-সমর্থকরা স্লোগানে স্লোগানে তাকে শুভেচ্ছা জানান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন খালেদা।
খালেদা ৪টার দিকে সভামঞ্চে উঠলেও সমাবেশ শুরু হয়ে গেছে দুপুর ২টায়। কানায় কানায় পূর্ণ জসনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি ও ১৮দলীয় জোটের নেতারা।
নিজের পরিবারের বর্তমান আবাস দিনাজপুরে সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়েছিলেন খালেদা। সেবারও এই মাঠেই জনসভা করেছিলেন তিনি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে জনমত গড়ে তোলার অংশ হিসেবে চার জেলায় বিরোধী দলীয় নেতার জনসভার এটি প্রথমটি। এরপর তিনি ২৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ৬ অক্টোবর হবিগঞ্জ ও ৯ অক্টোবর বরিশালে জনসভা করবেন।
ঢাকা থেকে রোববার বিকালে রওনা হয়ে বগুড়ায় রাত কাটান বিএনপি চেয়ারপারসন। সকালে বগুড়া থেকে দিনাজপুর রওনা হন তিনি। আসার পথে বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানান।
বগুড়া থেকে শুরু করে গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও দিনাজপুর শহরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয় শতাধিক তোরণ।
দিনাজপুরে গোরা শহীদ ময়দানের চারপাশে টানানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের প্রতিকৃতি।
এই জনসভায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে নেতা-কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আসা মিছিলের কারণে দুপুরের পর থেকে দিনাজপুর শহরে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২২ ঘ.
bdnews24