২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ঢিলেঢালা হরতাল

বিএনপি বা জামায়তের সঙ্গে কোনো ‘সম্পর্ক নেই’ দাবি করে ‘স্বতঃস্ফূর্তভাবে’ হরতাল পালনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী ১২ দলের সদস্য সচিব জাফরুল্লাহ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তার মধ্যে রাজধানীতে ১২টি ইসলামী দলের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালে যাত্রাবাড়ীতে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং চট্টগ্রামে বিআরটিসির একটি বাসে আগুন দেয়ার ঘটনা ছাড়া সারা দেশে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। যাত্রাবাড়ীর ঘটনায় তালিমুল মিল্লাত মাদ্রাসার ৩৬ ছাত্রকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধ দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সারাদেশে এই হরতাল ডাকা হলেও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সফর উপলক্ষে রংপুর, বগুড়া ও দিনাজপুরকে এর আওতামুক্ত রাখায় হরতালের পেছনে ‘রাজনৈতিক ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকুও একই ধরনের অভিযোগ করেছেন। তবে বিএনপি বা জামায়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি করে ‘স্বতঃস্ফূর্তভাবে’ হরতাল পালনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ১২ দলের সদস্য সচিব জাফরুল্লাহ খান। যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। তারা কর্মসূচি দিলে পল্টন ও এর আশপাশ এলাকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর তাৎক্ষণিকভাবে রোববার সারাদেশে হরতালের ডাক দেন খেলাফত আন্দোলনের মহাসচিব ও ইসলামী ১২টি দলীয় জোটের সদস্য সচিব মাওলানা জাফর উল্লাহ। এ হরতালে সমর্থন জানায় ইসলামী ঐক্যজোটও। ভোর থেকে কড়া নিরাপত্তা সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, মগবাজার, মহাখালী, ফার্মগেট, মিরপুর রোডে মোড়ে মোড়ে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায় ভোর ৫টা থেকেই। শনিবার থেকেই পল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট মোড় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সকালে রাজপথে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যস্ততা বাড়তে থাকে। সকালে দূর পাল্লার যান চলাচলও সীমিত থাকলেও অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে কমলাপুর রেল স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সকাল থেকেই স্বাভাবিক কাজকর্ম চলে। তবে তবে কড়া নিরাপত্তা এবং দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির কারণে গাড়ি কম থাকায় সচিবালয় কিছুটা ফাঁকা দেখা যায়। পল্টন এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে পল্টন, বায়তুল মোকাররম মসজিদ এবং প্রেসক্লাব এলাকায় কোনো পিকেটার দেখা যায়নি। যানবাহন চলেছে স্বাভাবিক ভাবেই।” পুলিশ ছাড়াও বিপুল পরিমাণ র‌্যাব সদস্য এসব এলাকায় টহল দেয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান। পুলিশ আহত, বাসে আগুন যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে সকাল ৭টার কিছু আগে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশের সঙ্গে ধাওয়া- পাল্টা ধাওয়া ঘটে। এ সময় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে আহত হন ওই থানার এ এস আই রুহুল আমীন। যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ার ঘটনায় পুলিশ মীর হাজীরবাগ থেকে ৩৭ জনকে আটক করে। এদের মধ্যে একজনকে ছেড়ে দিয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করে বাকিদের আদালতে তোলা হয়। আদালত পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠায়। এছাড়া সকাল ১০টার দিকে রাজধানীর কাজীপাড়া এলাকায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হলে কয়েকটি গাড়ি ভাংচুর করে হরতালকারীরা। পুলিশ এ সময় দুজনকে আটক করে। বন্দরনগরী চট্টগ্রামে সকাল থেকেই পিকেটাররা নগরীর বেশ কয়েকটি সড়কে বিচ্ছিন্নভাবে যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালায়। হরতালকারীরা নগরীর বড়দীঘির পাড়ে চট্টগ্রাম হাটহাজারী সড়কও কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখে। এরপর সকাল ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদাতলী মোড়ে বিআরটিসির একটি দোতলা বাসে ভাংচুর চালানোর পর পিকেটাররা তাতে আগুন দেয়। পুলিশ এ সময় তিনজনকে আটক করে। এছাড়া অটোরিকশা ভাংচুরের সময় কাতালগঞ্জ বৌদ্ধ মন্দির এলাকায় আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ৩০ জনের রিমান্ড প্রেস ক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় শনিবার রাতেই ফৌজদারী কার্যবিধি ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করে পুলিশ। ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয় এ দুটি মামলায়। শনিবার রাত পর্যন্ত গ্রেপ্তার ৩২ জনকে পুলিশ এ দুই মামলায় আদালতে হাজির করা হলে খেলাফত আন্দোলনের নায়েবে আমীর আহমেদুল্লাহ আশরাফ ও ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ নেজামীকে কারাগারে পাঠায় আদালত। এছাড়া ফৌজদারী কার্যবিধির মামলায় বাকি ৩০ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করা হয়েছে। দ্রুত বিচার আইনের অপর মামলায় ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে ২০ আসামিকে। ‘ইন্ধন, উসকানি’ ১২ ইসলামী দলের পক্ষ থেকে সারা দেশে এই হরতাল ডাকা হলেও খালেদা জিয়ার সফরের কারণে রংপুর, বগুড়া ও দিনাজপুর জেলাকে এই হরতালের আওতামুক্ত রাখা হয়। এ বিষয়টির দিকে ইংগিত করে সকালে রাজধানীর ডেমরা থানার সাইনবোর্ড এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, এ হরতালের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। “যারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করে, গণতান্ত্রিক অধিকারকে বাধা দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এ হরতাল ডেকেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সে সূত্র ধরেই পুলিশ সারা দেশে পদক্ষেপ নিয়েছে” যোগ করেন স্বারাষ্ট্রমন্ত্রী। ‘ধর্মকে ব্যবহার করে’ একটি রাজনৈতিক দল ‘ফায়দা লোটার চেষ্টা করছে’ বলেও মন্তব্য করেন মন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “দেশে যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি চলছে, তখনই যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ইসলামী সংগঠনগুলোকে উস্কে দিচ্ছে বিরোধী দল।” ‘স্বতঃস্ফূর্ত হরতাল, জনগণকে অভিনন্দন’ অল্প সময়ের মধ্যে এই হরতাল ডাকলেও সারাদেশের মানুষ তাতে ‘সাড়া দিয়েছে’ দাবি করে ইসলামী ১২ দলের সদস্য সচিব জাফরুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করায় তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।” গত দুই দিনে পুলিশ ১২ দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে অভিযোগ করে তাদের ছেড়ে দেয়ার দাবি জানান তিনি। জাফরুল্লাহ খান বলেন, পুলিশের কারণে একসঙ্গে বসতে না পারায় পরবর্তী কর্মসূচি ঠিক করতে পারছেন না তারা। তবে নিজেদের মধ্যে যোগাযোগ করে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হরতালে ‘ইন্ধনের’ যে অভিযোগ এনেছেন তা প্রত্যাখ্যান করে জাফরুল্লাহ বলেছেন, তাদের ১২ দলের মধ্যে এনডিপি, নেজামী ইসলামী পার্টি এবং ইসলামী পার্টি নামে তিনটি দল রয়েছে, যারা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলেরও শরিক। ওই তিনটি দলের অনুরোধেই তারা রংপুর বিভাগের তিন জেলায় হরতাল করেননি। জামায়াতে ইসলামী বা বিএনপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন জাফরুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/কেটি/এলএইচ/এসআই/এএসটি/এমকে/জেকে/১৯১৫ ঘ.