ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ে দলের অবস্থা জানতে বৃহস্পতিবার রাতে কুমিল্লার দুই সাংগঠনিক জেলার (দক্ষিণ ও উত্তর) তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এতে দলের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া ছাড়াও বিরোধী দলের চলমান আন্দোলন সম্পর্কে তৃণমূল নেতাদের মতামত শুনছেন খালেদা।
বৈঠকে কুমিল্লা (দক্ষিণ) সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসীন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা (উত্তর) সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও বুড়িচংয়ের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে আদর্শ শহর, সদর (দক্ষিণ), লাকসাম, নাঙ্গলকোট, বরুড়া, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলা-পৌরসভার ২৮টি ইউনিটের শতাধিক নেতা উপস্থিত আছেন।
এছাড়া অন্যান্যের মধ্যে বরুড়া সভাপতি জাকারিয়া তাহের সুমন, দাউকান্দি উপজেলা সভাপতি আবদুস সাত্তার, হোমনা উপজেলা সভাপতি মাহফুজুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি জিয়াউর রহমান নয়ন বাঙালি, লাকসাম সভাপতি সাইফুল ইসলাম, আদর্শ শহর সভাপতি আলী আক্কাস প্রমুখ নেতারা উপস্থিত আছেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন।
ইতিমধ্যে গাজীপুর, টাঙ্গাইল ও জামালপুরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পেশাজীবী সংগঠনের সঙ্গেও মতবিনিময় করছেন তিনি।
আগামী ৯ অক্টোরব পর্যন্ত খালোদা জিয়ার এই কর্মসূচি চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১৭ ঘ.
bdnews24