২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ মতিউর রহমানের দাফন সম্পন্ন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ডা. মতিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ডা. মতিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। তিনটি পৃথক জানাযা শেষে সোমবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল সদরের খিলগাতি গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। সোমবার বেলা ১টার দিকে তার মরদেহ ঘাটাইলের বাসভবনে পৌঁছে। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানায়। বিকাল পৌনে ৪টার দিকে ঘাটাইল ঈদগা মাঠে প্রধান জানাযা হয়। এতে বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী আবদূর রাজ্জাক, জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত মোমেন শাজাহান, টাঙ্গাইল-৭ আসনের একাব্বর হোসেন, বিএনপি’র নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদসহ স্থানীয় জনগণ অংশ নেয় । এররপ পাকুটিয়া স্কুল ও কলেজ মাঠ এবং দেউলাবাড়ি এমকেডিআর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও তৃতীয় জানাযা হয়। জানাযায় তার ছেলে লন্ডন প্রবাসী তানভীর রহমান এবং মেয়ে সিঙ্গাপুর প্রবাসী সাদিয়া রহমান উপস্থিত ছিলেন । তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্ত্রী দেওয়ান মনোয়ারা বেগম থাকতে পারেননি । ডা. মতিউর রহমান ভারতের একটি হাসপাতালে বৃহস্পতিবার রাত ১টায় মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। স্বজনরা জানান, তার দুটো কিডনিই নষ্ট হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.