ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তরে ‘প্রশ্নবিদ্ধ’ ব্যক্তিকে দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে ‘তামাশা’ করছেন বলে মনে করে বিএনপি।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জনপ্রশাসনকে ধ্বংস করার জন্য মহীউদ্দিন খান একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। সুপ্রিম কোর্ট তার সংসদ সদস্যপদ বাতিল করে দিয়েছিল। সংসদ সদস্য হিসেবেও তিনি প্রশ্নবিদ্ধ।”
“এ রকম একজন বিতর্কিত ব্যক্তিকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে তামাশা করছে বলে আমরা মনে করি।”
শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তরে রদবদল আনা হয়। এতে সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।
খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতির জন্য সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করলেও তার কোম্পানি সাকোর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা ফারুক মোহাম্মদকে এবার মন্ত্রী করা হয়েছে।
“জনগণকে ধোঁকা দিতেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভা রদবদল করেছেন। জনগণের চিন্তা তাদের মাথায় নেই”, যোগ করেন তিনি।
পদ্মা সেতু, শেয়ারবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে ‘ব্যর্থতার’ পরও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বহাল রাখায় সরকারের সমালোচনা করেন মোশাররফ।
তিনি বলেন, “শেয়ারবাজারসহ হলমার্ক অর্থ কেলেঙ্কারির ঘটনার পর দেশের মানুষ আশা করেছিল- অর্থমন্ত্রী পদত্যাগ করবেন অথবা অন্য মন্ত্রণালয়ে তাকে সরিয়ে দেয়া হবে। দেখা গেল, এতো অভিযোগের পরও তাকে স্বপদেই রাখা হয়েছে।”
নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে মোশাররফ বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের খবর থাকবে না। সেজন্য তারা সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।”
চলমান আন্দোলন জোরদার করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী লীগের দুর্নীতিতে দেউলিয়া দেশ: সংশয় আগামী নির্বাচন’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হোসেন শাহীন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24