২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

মন্ত্রিসভার নবনিযুক্ত সাত সদস্য শনিবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার নবনিযুক্ত সাত সদস্য শনিবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরা হলেন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, হাসানুল হক ইনু, এ এইচ মাহামুদ আলী, মো. মুজিবুল হক, মোস্তফা ফারুক মোহাম্মদ, প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও মো. আব্দুল হাই। বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ মোনাজাত করেন। বৃহস্পতিবার এ সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, খালেদা-নিজামী সা¤প্রদায়িক জঙ্গি ও যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন। তাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতেই মহাজোট গঠন করেছিলাম। তোফায়েল-মেনন ভাই মন্ত্রীত্ব না নিলেও মহাজোটের সঙ্গে আছেন। জঙ্গি ও যুদ্ধাপরাধী চক্র প্রতিহতের যুদ্ধে আমাদের সঙ্গে আছেন তারা। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহামুদ হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আওয়ামী লীগ নেতা চৌধুরী এমদাদুল হকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুবলীগের শ্রদ্ধা নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক চৌধুরীর ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ বিকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা। এরপর বাদ আসর সমাধিসৌধের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও ৭৫ এর অগাস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় যুবলীগের নতুন কমিটিকে সম্বর্ধনা কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদসহ কমিটির সদস্যদের সম্বর্ধনা দিয়েছে গোপালগঞ্জ জেলা যুবলীগ। শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে জেলা যুবলীগ সভাপতি জিএম সিহাব উদ্দিন আজমের সভাপতিত্বে সম্বর্ধনা সভায় জেলা সাধারণ সম্পাদক এমবি সাঈফ, যুবলীগ নেতা আলিমুজ্জামান বিটু প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.