ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোযেন্টিফ্রে ডটকম)- ক্ষমতাসীন দলের ‘উপেক্ষিত’ প্রবীণদের সঙ্গে তুলনা করে মন্ত্রিসভায় যোগ দেয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, যিনি নিজেও এক সময় আওয়ামী লীগের সাংসদ ছিলেন।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মুক্ত আলোচনায় কাদের সিদ্দিকী বলেন, “নতুন সাত জনের বুদ্ধি মিলিয়েও একজন আমু (আমীর হোসেন আমু) কিংবা নাসিমের (মোহাম্মদ নাসিম) দুই দাঁতের সমান বুদ্ধিও হবে না।”
নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে একমাত্র মহীউদ্দিন খান আলমগীর ছাড়া অন্যরা এক বছরে ‘ফাইলের একটি পাতাও’ উল্টাতে পারবেন কি না- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কাদের সিদ্দিকী।
সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সংসদের হুইপের দায়িত্বে থাকা মুজিবুল হক এবং দুটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করা এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুখ মোহাম্মদ।
এছাড়া রাজশাহীর সাংসদ ওমর ফারুক চৌধুরী এবং ঝিনাইদহের সাংসদ আব্দুল হাই প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন।
সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে থেকে মন্ত্রিসভায় যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেন।
মন্ত্রিসভায় যোগ না দেয়ায় এই দুই সাবেক ছাত্রনেতাকে ‘ধন্যবাদ’ জানান কাদের সিদ্দিকী।
“তাদের ধন্যবাদ যে তারা ভাঙা হাটে বাজার করতে যাননি। এক দুদিন পরে বুঝতে পারব, আসলে তাদের উদ্দ্যেশ্য কি ছিল। উচ্ছিষ্ট ভক্ষণ করা কারো জন্যই সুখের কিছু নয়।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, “সাত জন নতুন মন্ত্রী বানিয়েছেন। কিন্তু যে গর্তে আপনি পড়েছেন, নতুন মন্ত্রী দিয়েও তা থেকে বের হতে পারবেন না। আপনার সময় শেষ হয়ে এসেছে।”
মন্ত্রিসভার সম্প্রসারণ যেভাবে হয়েছে, তা নিয়েও শেখ হাসিনার সমালোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সময়ের ঘনিষ্ট অনুসারী হিসাবে পরিচিত কাদের সিদ্দিকী।
তিনি বলেন, “আপনার বাবা আপনার থেকে অনেক বড় নেতা ও মানুষ ছিলেন। তিনি কখনো তার সহকর্মীদের ছোট মনে করতেন না।”
আগামী নির্বাচন নিয়েও তিনি শেখ হাসিনাকে সতর্ক করেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, “একা নির্বাচন করতে পারেন। আপনার (প্রধানমন্ত্রী) আগে খালেদা জিয়াও একক নির্বাচন করেছিলেন, টিকতে পারেননি। আপনারাও পারবেন না।”
মুক্তচিন্তা ফোরাম আয়োজিত ‘সুবিচার, আইনের শাসন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24