২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসিদের সতর্ক থাকার নির্দেশ

দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাত এবং কয়েকটিতে আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যদের এই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয় সেজন্য উপাচার্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাত এবং বুয়েট, জাহাঙ্গীরনগরসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের প্রেক্ষাপটে বুধবার উপাচার্যদের এই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বসেছিলেন উপাচার্যরা। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালায়। বুয়েটে আন্দোলনের আপাত সমাধান হলেও জাহাঙ্গীরনগর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলেছে। এসব বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “এ ঘটনা যেন আর না ঘটে সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সতর্ক করা হয়েছে।” “শিক্ষার ক্ষেত্রে যেন কোনো বাধা না থাকে উপাচার্যরা দ্রুত তার সমাধান করবেন। আমরা সেগুলো তদরকি করব,” যোগ করেন তিনি। তবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাতের ঘটনা ‘অতীতের ধারাবাহিকতা’ দাবি করে নাহিদ বলেন, “চাইলেই তা রাতারাতি সমাধান করা যাবে না, তবে আমরা এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।” শিক্ষামন্ত্রী দাবি করেন, জাহাঙ্গীরনগর ও বুয়েটের সঙ্কট সমাধানের পর আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও পরিবেশ উন্নয়নের জন্য উপাচার্যদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী। তবে সম্পদের অপ্রতুলতার কথাও স্বীকার করেন তিনি। “আমাদের ছাত্র বেশি, কিন্তু অর্থ কম। চাহিদা অনুযায়ী অর্থ পাওয়া যায় না। তবে একটি প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য ১৮৯ কোটি টাকা দেওয়া হয়েছে,” বলেন নাহিদ। সভায় অংশ নেওয়া একজন উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের ক্যাম্পাসে মৌলবাদী সংগঠনগুলোর উত্থানের বিষয়টি তুলে ধরেন। “ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে মৌলবাদী ছাত্র সংগঠন ক্যাম্পাসে সুবিধা নিচ্ছে বলেও কয়েকজন উপাচার্য শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন,” বলেন তিনি। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২টির উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহউদ্দিন আকবর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬১৬ ঘ.