ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত হলমার্ক গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারি দলের নেতারা প্রভাব খাটিয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হলমার্ক গ্রুপের পাশাপাশি ক্ষমতাসীন দলের ‘ওই সব’ নেতা এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের বিচারও দাবি করেছেন তিনি।
রোববার নয়া পল্টনে এক সমাবেশে ফখরুল বলেন, “বেচারা তানভীরই কেবল এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন, তাকে ব্যবহার করেছে ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের লোকজন। দেশের মানুষ আজ ওই সব উচ্চ পর্যায়ের লোকজনের নাম জানতে চায়।”
“আমরা শুনেছি, সোনালী ব্যাংকের ওই শাখায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রীও আসা-যাওয়া করতেন,” বলেন তিনি।
সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ ঋণ নিয়ে সমালোচনার মধ্যে রয়েছে হলমার্ক গ্রুপ। এর চেয়ারম্যান তানভীর মাহমুদকে দুর্নীতি দমন কমিশনের মুখোমুখিও হতে হয়েছে।
এই অনিয়মে সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্যদের যোগসাজশ রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “শুধু হলমার্কের এমডি তানভীর এবং ব্যাংকের ছোটখাটো কর্মকর্তাদের দোষারোপ করলে চলবে না। এর পেছনে সোনালী ব্যাংকের পুরো পরিচালনা পর্যদ জড়িত। আমরা মনে করি- উচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া এভাবে কোনো ব্যাংক ঋণ দিতে পারে না।”
বিএনপির মুখপাত্র বলেন, “বর্তমান সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতির কাদায় তার গলা পর্যন্ত ডুবে গেছে।”
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, কী কারণে পদ্মাসেতুর অর্থায়ন বিশ্ব ব্যাংক বাতিল করেছে।
“প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান দিল্লি ছুটে গেলেন। সেখানে গিয়ে বুঝে গেলেন, পদ্মা সেতুর ঋণ চুক্তি নবায়ন হবে না। তাই দেশে ফিরে এখন তিনি বলছেন, পদত্যাগ করবেন না।”
বিশ্ব ব্যাংকের দেয়া চিঠিগুলো প্রকাশের দাবি আবারো জানান ফখরুল।
দুর্নীতি দমন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ প্রতিষ্ঠান’ আখ্যায়িত করে তিনি বলেন, “তারা সুরঞ্জিত সেনগুপ্তকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছে। পদ্মা সেতু ও হলমার্ক নিয়েও তারা ক্লিন সার্টিফিকেট দেয়ার জন্য নাটক মঞ্চস্থ করছে।”
সরকারের ‘দুর্নীতির’ প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। ১৯৯৬ সালে তারা বিশ্বের কাছে দুর্নীতিগ্রস্ত এক নম্বর দেশে পরিণত করেছিল। এবার পদ্মা সেতুতে দুর্নীতি করে তারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।”
পদ্মা সেতুর দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “এখন অঙ্গুলি প্রধানমন্ত্রীর ওপর পড়েছে। তাই প্রধানমন্ত্রীকে বলব, দায়ভার নিয়ে আপনি অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।”
মির্জা ফখরুলও নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে সংযোজন করতে সংসদে বিল আনার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, বিজেপির শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, এনডিপির আলমগীর মুজমদার, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০০৬ ঘ.
bdnews24