ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় বিরোধী দলের এই আন্দোলনে শরিক হতে পেশাজীবীদের প্রতি আহ্বানও জানান তিনি।
অনিয়মের মাধ্যমে রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকের একটি শাখা থেকে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান কয়েক হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা দাবি করেন, জনগণ সরকারের এই ‘লুটপাটের’ শাসনের অবসান চায়।
“দুর্নীতিতে নিমজ্জিত এই সরকারের আমলে দেশের মানুষ নিঃস্বপ্রায়। এর ওপর বিদ্যুতের দাম ৩০ ভাগ বাড়ানো হয়েছে। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়।’’
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্দোলনকে জোরদার করতে দলের দেড় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, কর্মসূচি দেখে কেউ কেউ বলছেন, বিএনপি আন্দোলন থেকে পিছু হটেছে। এটা ঠিক নয়। বিএনপি আন্দোলনকে ভয় পায় না।
“জনগণকে আন্দোলনে আরও সম্পৃক্ত করতেই গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটানোর মতোই সামনে দুর্বার আন্দোলন আসছে।’’
দলের স্থায়ী কমিটির এই সদস্য হলমার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।
ওই বক্তব্যের পর অর্থমন্ত্রী দেশের মানুষের কাছে একজন ‘ঘৃণিত’ ব্যক্তিতে পরিণত হয়েছেন বলেও দাবি করেন নজরুল ইসলাম।
সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এম তাহমিনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক এম করিম, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করে অধ্যাপক এ জেড জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৪০ ঘ.
bdnews24