ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আন্দোলন শুরু করলে এই সরকার পালানোর পথও পাবে না।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “দুর্নীতির নর্দমায় সরকার নিমজ্জিত হয়ে গেছে। এখনো সময় আছে, অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। নইলে জনগণের আন্দোলনে নিশ্চিহ্ন হয়ে যাবেন।।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
গত মাসের শেষের দিকে ১৮ দলীয় জোট সারাদেশে গণসংযোগ- বিক্ষোভ সমাবেশ এর দেড়মাসের কর্মসূচি ঘোষণা করে। বৃস্পতিবারের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে জোটের টানা কর্মসূচি শুরু হলো।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল অভিযোগ করেন, “বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সরকার আধিপত্যবাদের সেবাদাস হিসেবে কাজ করছে।”
হলমার্ক কেলেঙ্কারি ও পদ্মাসেতু নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের সমালোচনা করে তিনি তার পদত্যাগ দাবি করেন।
ফখরুল বলেন, “অর্থমন্ত্রী কোনো কিছু হলেই রাবিশ বলে থাকেন। মাননীয় অর্থমন্ত্রীকে মহোদয়কে বলব, আপনি এখন নিজেই রাবিশে পরিণত হয়ে গেছেন। আপনাকে আস্তাকুঁড়ে ফেলে দেয়ার সময় এসে গেছে।”
বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও বিচারের নামে প্রহসন করে বিরোধী আন্দোলনকে দমানো যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সরকারের সময় শেষ হয়ে গেছে। তাই বলব, ট্রাইব্যুনালে দিকে তাকিয়ে লাভ নেই, আন্দোলনে সর্বাত্মক মনযোগ দিন।”
বিএনপির সহসভাপতি ও মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ছাত্র দলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
১৮ দলীয় জোটের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৫৫ ঘ.
bdnews24