ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারিসহ আর্থিকখাতে ব্যর্থতার জন্য অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার দুপুরে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পুঁজিবাজার, ডেসটিনিসহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এখন হলমার্কের অর্থ লুটের ঘটনা প্রকাশ পেয়েছে। তাই অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দয়া করে পদত্যাগ করুন। দেশবাসীকে রেহাই দিন।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস ড্যাবের উদ্যোগে তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
হলমার্কের অর্থ কেলেঙ্কারি বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখররুল ইসলাম বলেন, “ওই ঘটনার পর উনি (অর্থমন্ত্রী) বলেছেন, সোনালী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। অর্থমন্ত্রীর এরকম বক্তব্য সঠিক নয়।”
পদ্মাসেতু প্রকল্পের বাতিল হওয়া ঋণ সম্পর্কে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “একদিকে সরকার বিশ্বব্যাংকের ঋণ পুনর্মূল্যায়নের জন্য তদবির করছে। অন্যদিকে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি বিভাগকে জেহাদি বিভাগ বলে সমালোচনা করছেন।”
অর্থমন্ত্রীর এরকম বক্তব্যের কারণে পদ্মাসেতু প্রকল্পের বাতিল হওয়া ঋণ চুক্তি পুনর্মূল্যায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ফখরুল।
সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭০০ ঘ.
bdnews24