জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ফাও খেতে না দেয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্যান্টিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিনা টাকায় খেতে না দেয়ায় ছাত্রলীগ কর্মীরা ক্যান্টিনে ভাঙচুর চালায়। পরে ক্যান্টিন ম্যানেজারকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় জড়িতরা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম শ্রাবনের অনুসারী বলে জানা গেছে।
ক্যান্টিন ম্যানেজার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “শ্রাবন গ্র“পের কর্মীরা গত কয়েক দিন টাকা না দিয়ে দুপুরের খাবার খেয়ে আসছিল। মঙ্গলবার একই গ্র“পের কর্মীরা রাসেলের নেতৃত্বে ২০ জনের খাবার চাইলে আমি তাদের খাবার দিতে অস্বীকৃতি জানাই। এ সময় উত্তেজিত হয়ে তারা ক্যান্টিন ভাঙচুর শুরু করে এবং আমাকেসহ কর্মচারীদের মারধরের জন্য ধাওয়া দেয়।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি দেয়া হবে।
যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম শ্রাবনের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৮ ঘ.
bdnews24