২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কথার মন্ত্রী সুরঞ্জিত’

চারদলীয় জোট সরকারের সময়ে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের সময়ে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সুরঞ্জিত বাবুর কথা-বার্তা শুনে মনে হচ্ছে তিনি সরকারের কাছ থেকে ‘কথা বলার’ দায়িত্ব পেয়েছেন। তিনি বোমা হামলা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়।” ২০০৫ সালে সারা দেশে একযোগে জেএমবির সিরি বোমা হামলার বার্ষিকীতে গত শুক্রবার এক অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ৬৩ জেলায় ওই হামলা পারিচালিত হয়। এর প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে বোমা হামলার ঘটনার সূত্রপাত আওয়ামী লীগই করেছে। পল্টন ময়দানে বোমা হামলা, উদিচীর সমাবেশে বোমা হামলা, নারায়ণগঞ্জে বোমা হামলা ইত্যাদি অসংখ্য হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সময়ে। ওইসব বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজনও জড়িত ছিলেন।” বিএনপি সবসময় ‘সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের বিচারের আওতায় এনেছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা। “সুরঞ্জিত বাবুসহ সরকারের লোকজন বিএনপিকে জড়িয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা সঠিক নয়, মিথ্যাচার।” শিগগিরই কর্মসূচি জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে বিএনপি শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই- নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। কর্মসূচি চূড়ান্ত করতে ঈদের পর দলের নীতিনির্ধারক ফোরাম, স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক হবে। এরপরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।” সকাল ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। সংগঠনটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা কবরের সামনে দাঁড়িয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন সফল করার শপথ নেন। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমরা বরাবরই বলে আসছি, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। সেই সরকারের চরিত্র হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ। এরকম একটি সরকারের দাবি কেবল বিএনপির নয়, জনগণেরও।” ভারত সফর শেষে এইচ এম এরশাদের বক্তব্য প্রসঙ্গে এ প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, “ভারতের সমর্থন নিয়ে এদেশে নির্বাচন করতে হলে জনগণই তার ব্যাপারে ভেবে দেখবে।” ৬ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাংবাদিকদের বলেন, “ভারত সফল অবিস্মরণীয় ও সফল হয়েছে। তাদের সমর্থন পেয়েছি। আগামীতে আমরা এককভাবে নির্বাচন করব।” ঈদের প্রাক্কালে মির্জা ফখরুল দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাত ১২টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে কেক কাটেন দলের নেতা-কর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ আগস্ট মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৭ ঘ.