২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর রওজায় খালেদা

সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে বিরোধী দলীয় নেতাসহ তার সফরসঙ্গীরা বিমানে জেদ্দা থেকে মদিনায় পৌঁছে হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। এরপর মসজিদে নব্বীতে বিশেষ ইবাদতে বসেন খালেদা জিয়া। সেখানে তিনি আসর, মাগরিব, এশা ও তারবির নামাজ আদায় করেন। বৃহস্পতিবার সকালে জেদ্দা ফিরে আসেন খালেদা জিয়া। মদিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধী দলীয় নেতাকে রাজকীয় প্রটোকলের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা বিদায় জানান। খালেদার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরাও রয়েছেন। রমজানের শেষ দিনগুলোয় মসজিদুল হারামে বিশেষ ইবাদতে অংশ নেন খালেদা জিয়া। সেখানেই তিনি শবে কদরের নামাজ আদায় করেন। বিরোধীদলীয় নেতা এর আগে শুক্রবার মক্কায় ওমরাহ পালন করেন। প্রেস সচিব জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় জেদ্দা থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। শুক্রবার সকালে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। গত ৮ আগস্ট খালেদা জিয়া সৌদি আরব যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৫৩ ঘ.