২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মেয়র মহিউদ্দিনের ৩ মামলা বাতিল

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা বাতিল করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা বাতিল করেছে হাই কোর্ট। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর আবেদনে বিচারপতি বোরহান উদ্দিন ও মাহমুদুল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। ২০০৩ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর করা ওই তিন মামলায় ১৯৯৪-৯৫, ১৯৯৭-৯৮ এবং ২০০১-০২ অর্থ বছরে মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রামের নুপুর সিনেমা হলের মালিক সাহেদ আজগর চৌধুরীর বিরুদ্ধে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই বছরই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে মহিউদ্দিন চৌধুরী মামলা বাতিলের আবেদন করলে আদালত রুল দেয় এবং মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। ওই রুলের চূড়ান্ত শুনানি করে সোমবার আদালত মামলা বাতিলের এ আদেশ দিল। আবেদনকারীর আইনজীবী হরিসাধন দেব ব্রাহ্মণ শুনানিতে বলেন, মেয়র থাকাকালে মহিউদ্দিন চৌধুরী ব্যক্তিগত লাভের জন্য কোনো সিদ্ধান্ত নেননি। “সিটি কর্পোরেশন অধ্যাদেশের ৬৫ ধারা অনুসারে মেয়র সিটি কর্পোরেশনের কোনো ক্ষতিসাধন করলেও তা পাবলিক ডিমান্ড হিসাবে আদায়যোগ্য। ফলে ফৌজাদারি মামলা অচল বিধায় এই মামলাগুলো খারিজযোগ্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫০০ ঘ.