ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে সংসদে গিয়ে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, “নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কোনো সুপারিশ থাকলে সংসদে এসে কথা বলুন। অহেতুক আন্দোলন-সংগ্রাম করে কোনো রাজনৈতিক ফায়দা ওঠাতে পারবেন না।”
জনগণ কোনো পাকিস্তানি এজেন্টের হাতে ক্ষমতা দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ বলেন, “৭১’র পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা স্বাধীনতা ও বাঙালির উত্থান মেনে নিতে পারেনি।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে আওয়ামী লীগ সরকার দিবসটিকে জাতীয় শোক হিসাবে পালন করে আসছে।
জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিজের জন্ম দিন পালন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, “শোক দিবসে জন্মদিন পালন থেকে বিরত না থাকলে জনগণ আপনার প্রতি ঘৃণা প্রকাশ করবে।”
আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।
তিনি বলেন, “অর্ন্তর্বতীকালীন সরকার যদি অসাংবিধানিক হয় তবে সেই অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেন কি করে?”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা তারানা হালিমের সভাপতিত্বে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করীম প্রমুখ সভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯৪২ ঘ.
bdnews24