ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতি আড়াল করতে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামিক পার্টির এক আলোচনা সভায় তিনি বলেন, “পদ্মা সেতুর দুর্নীতি আড়াল করতে সরকার মুখে এক কথা বলছে, আর কাজের বেলায় অন্যটি করছে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড এর উদ্দেশ্য হলো- দেশের মানুষকে বিভ্রান্ত করা।’’
রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামিক পার্টির ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে ইফতার মাহফিলে অংশ নেন নেতা-কর্মীরা।
সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের প্রশংসা করে প্রধানমন্ত্রী লন্ডনে যে বক্তব্য রেখেছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “সৈয়দ আবুল হোসেন সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রশংসা দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ায় সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে বুধবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “তার (আবুল হোসেন) গাটস্ আছে বলেই রিজাইন দিতে পেরেছে। দেশপ্রেম আছে বলেই রিজাইন দিয়েছে।”
বিশ্বব্যাংক সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘দায়িত্বহীন’ আখ্যায়িত করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এটা দুর্ভাগ্যজনক।’’
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। এজন্য অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহেরও সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।
এই বিএনপি নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ারও সমালোচনা করেন।
তিনি বলেন, দেশে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ কষ্টে আছে, পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের পর মানুষ যখন হতাশায় জর্জরিত, তখন প্রধানমন্ত্রী অলিম্পিকে যোগ দিতে লন্ডন যাওয়ার মানসিক শক্তি অর্জন করেছেন। এজন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে মির্জা ফখরুল দাবি করেন, দেশের অবস্থা ভালো নয়। এই সরকার ক্ষমতায় থাকলে বর্তমান অবস্থার পরিবর্তন হবে না।
“তাই এদের হটাতে ঈদের পর ১৮ দলীয় জোট দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’’
ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়কারী ও মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, পিপলস পার্টির সভাপতি গরীব নেওয়াজ, মুসলিম লীগের সভাপতি নুরুল হক মজুমদার, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবদুর রউফ ইউসুফী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩০ ঘ.
bdnews24