শরীয়তপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ক্লাস চালুর দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা জানাতে গেলে অধ্যক্ষসহ তার কার্যালয়ের কর্মচারীরা তাদের ওপর চড়াও হয়।
তবে অধ্যক্ষ মো. আলী হোসেন বলেছেন, শিক্ষার্থীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে এবং ভাংচুরের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ক্লাস নেওয়ার দাবি নিয়ে সকাল ১০টার দিকে তারা অধ্যক্ষের কার্যালয়ে যায়। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে।
দ্বাদশ শ্রেণীর ছাত্র নবীন, জিয়াউর রহমান ও শান্তা বলেন, অধ্যক্ষসহ কলেজের পিয়নরা এক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের চড়-থাপ্পড় মারে এবং কক্ষ থেকে বের করে দেয়।
নবীন বলেন, “কলেজে অতিরিক্ত ক্লাস চালুর পর আবার বন্ধ করে দেওয়া হয়। আমরা পুনরায়তা চালু করতে লিখিত দাবি জানালে আমাদের মারধর করা হয়।”
শান্তা বলেন, “স্যারেরা প্রাইভেট পড়ানোর জন্য অতিরিক্ত ক্লাস নিতে চান না।”
এরপর উত্তেজিত ছাত্র-ছাত্রীরা শরীয়তপুর কলেজের একাডেমিক ভবনের দরজা জানালার গ্লাস ও নোটিস বোর্ড ভাংচুর করে। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে অধ্যক্ষ আলী হোসেন সাংবাদিকদের বলেন, “সরকারি পরিপত্র অনুযায়ী আমি কাজ করব। ছাত্র-ছাত্রীরা কলেজ ভাংচুর করেছে এ বিষয় আইনগত ব্যবস্থা নেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24