ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর দীর্ঘ টানাপোড়েন শেষে আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও এ নিয়ে বাংলাদেশের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে সেতুর ঋণচুক্তি বাতিল হয়েছে। যে মন্ত্রী নিয়ে বির্তক, সেই আবুল হোসেন গেলেন অভিযোগের নয় মাস পর। এরই মধ্যে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে গেছে। গাধা যেমন পানি ঘোলা করে খায়, সরকারের অবস্থাটা তেমনি হয়েছে।”
“ঋণচুক্তি বাতিলের পর বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে বিষোদগার করাসহ সংস্থার বার্ষিক অডিট নিয়েও প্রশ্ন তুলেছেন আমাদের প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সরকার কী নাটকটাই না করেছে”, যোগ করেন তিনি।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক।
দুর্নীতির অভিযোগ ওঠার পর ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সোমবার আবুল হোসেন পদত্যাগ করার পর অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশ্ব ব্যাংক এবার চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “তাদের ব্যর্থতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততোই দেশ রসাতলের দিকে যেতে থাকবে।”
এ অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তন ছাড়া অন্য কোনো বিকল্প নেই দাবি করে আন্দোলন জোরদারের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহবান জানান ফখরুল।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘নব্বইয়ের ছাত্র নেতৃবৃন্দ’ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়।
খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা ও আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছে বলেন অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “গুম ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। এদেশে জনগণ আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে।”
দেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য সরকারের কঠোর সমালোচনা ফখরুল বলেন, “আমরা আগে থেকেই বলে এসেছিলাম, সরকার পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের সিনেট এখন বলেছে, বাংলাদেশ সরকার র্যাব বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।”
‘‘নিউইর্য়ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। একে কাজ করতে দেয়া উচিৎ না”, যোগ করেন তিনি।
সংগঠনের আহবায়ক বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, রহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান মিলন, মুস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের বাবলু, কামরুজ্জামান রতন, সাইফুদ্দিন মনি, আসাদুজ্জামান আসাদ আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৩২ ঘ.
bdnews24