যশোর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্রদলের বিরোধের জেরে মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুরকে কুপিয়ে জখম করেছে ‘ছাত্রলীগ’ সমর্থকরা।
মণিরামপুর উপজেলায় এ হামলায় আহত গফুর মশ্মিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় বিএনপি নেতা। তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরো এক আইনজীবী এবং এক পৌর কর্মচারীও আহত হন। ভাংচুর হয় পৌর মেয়রের গাড়িসহ দুইটি মোটরসাইকেল।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) এ জে এম আজমল হুদা সাংবাদিকদের বলেন, মণিরামপুর কলেজ ছাত্রলীগের একটি শ্রেণি শাখা কমিটি গঠন উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে এক সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে ওই সভাস্থলে বোমা হামলা চালায় বহিরাগতরা। ছাত্রদল সমর্থকরা সেখানে তিনটি বোমা ফাটায় বলে ছাত্রলীগ দাবি করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো বলেন, এর জেরে ছাত্রলীগ নেতাকর্মীরা পৌরভবনে হামলা চালিয়ে মেয়র ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবালের গাড়ি ভাংচুর করে। এ সময় হারুন অর রশিদ নামে এক পৌর কর্মচারীও মারধরের শিকার হন।
পরে হামলাকারীরা উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মশ্মিমনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুরকে মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করে।
ওসি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলা বা ভাংচুরের ঘটনায় কাউকে আটক করা যায়নি।
যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অহেদুজ্জামান আজাদ বলেন, আব্দুল গফুরের মাথা ও হাতে গুরুতর আঘাত হয়েছে।
উপজেলা বিএনপি সভাপতি পৌর মেয়র শহীদ ইকবাল জানিয়েছেন, ছাত্রলীগ সমর্থকরা হামলা চালিয়ে তার গাড়ি ভাংচুর, বিএনপি নেতা আব্দুল গফুর ও এক পৌর কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মিল্টন সাংবাদিকদের বলেন, ছাত্রদল প্রথমে ছাত্রলীগের সভাস্থলে বোমা হামলা করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। তারপরই বাজারে আনাকাক্সিক্ষত হামলার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24