ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সোমবার ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সংসদ ভবন প্রাঙ্গণে তাদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেন খালেদা জিয়া।
ইফতারের আগে বিরোধী দলীয় নেতা আমন্ত্রিত রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার পার্টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিম-লীর সদস্যসহ এবং মহাজোটের শরিকদের আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টি ছাড়া কেউই আসেনি।
মূল মঞ্চে খালেদার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ কে এম নাজির আহমদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ একই টেবিলে বসে ইফতার করেন।
এছাড়া একই টেবিলে ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খোন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ এর জেবেল রহমান গানি, মুসলিম লীগের এ এইচ এম কামারুজ্জামান, ন্যাপ-ভাসানীর শেখ আনোয়ারুল হক, পিপলস পার্টির গরীব নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক পার্টির সাইফুদ্দিন মনি প্রমুখ ছিলেন।
মূল মঞ্চে জামায়াতে ইসলামীর নেতা থাকায় জাসদ-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব অতিথি আসনে বসে বিএনপি’র সহসভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইফতার করেন।
ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমানসহ দলের চেয়াপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, শওকত মাহমুদ, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংসদরা যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24