কুড়িগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সরকারি কলেজে পরীক্ষার ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের উপর ‘হামলা’ চালিয়েছে ছাত্রলীগ সমর্থকরা।
সোমবার দুপুরে এ হামলায় প্রগতিশীল ছাত্র জোটের বিভিন্ন ছাত্র সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক আতিকুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নিরঞ্জন চন্দ্র রায়, মৌসুমী রহমান বুবলি, কামরুন্নাহার সরকার ও রণজিত কুমার।
তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রগতিশীল ছাত্র জোটের কয়েকজন ছাত্রনেতা সাংবাদিকদের বলেন, অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সকাল ১১টায় প্রগতিশীল ছাত্র জোট কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে।
কিছুক্ষণ পর ২৫/৩০ জন ছাত্রলীগ সমর্থক তাদের উঠে যেতে বলে। তারা রাজি না হওয়ায় ছাত্রলীগ সমর্থকরা তাদের উপর হামলা চালায়।
ছাত্র ফ্রন্টের কলেজ শাখা সভাপতি গৌতম কুমার সাংবাদিকদের বলেন, চতুর্থ বর্ষের ফরম পূরণে মানবিক ও বাণিজ্য বিভাগের বিষয়সমূহের জন্য দুই হাজার ৮৫০ টাকা এবং বিজ্ঞানের বিষয়সমূহের জন্য তিন হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক বেশি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান বলেন, জোটের কর্মীরা আন্দোলনের নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা এগিয়ে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।
হামলার কথা তিনি অস্বীকার করেন।
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহিনুর রহমান আহতদের চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেন।
কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন সাংবাদিকদের বলেন, বর্ধিত ফি নেওয়ার তথ্যটি সঠিক নয়। গত বছরের মতো এবারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ফি নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24