২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরভূম থেকে দুই দেশের রাষ্ট্রপতি

প্রণব মুখোপাধ্যাযের জেলা বীরভূমে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারও। দেশ বিভাগের আগে পশ্চিমবঙ্গের ওই জেলায় জন্ম গ্রহণ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে প্রণব মুখোপাধ্যায়ের আগেও এক ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। দেশ বিভাগের আগে এই জেলাতেই জন্ম গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর উপ-রাষ্ট্রপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ শাসন করেন সাড়ে ছয় মাস। এরপর সে বছর ১৫ নভেম্বর নির্বাচনে জিতে পুর্নাঙ্গ রাষ্ট্রপতি হন তিনি। অবশ্য পরের বছর ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে প্রধান সামরিক প্রশাসক হিসেবে তার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নেন। এদিকে রোববার ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বীরভূমের সন্তান প্রণব মুখোপাধ্যায়। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বীরভূমের কির্নাহর শহরের নিকটবর্তী মিরাটি গ্রামে জন্ম নেন তিনি। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমাকে হারিয়ে রাষ্ট্রপতি হয়েছেন ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতা প্রণব। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশে চলে আসা আব্দুস সাত্তার প্রথম পর্যায়ে পেশায় আইনজীবী ছিলেন। পরবর্তীতে ১৯৫৭ সালে ঢাকা হাই কোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। ১৯৭৭ সালের ২১ এপ্রিল জিয়াউর রহমান সপ্তম রাষ্ট্রপতি হওয়ার পর তার সরকারে উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সাত্তার। ১৯০৬ সালে বীরভূম জেলার বোলপুরের দারাকা গ্রামে জন্ম হয় তার। আর ১৯৮৫ সালের ৫ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জিএনএ/২২৫০ ঘ.