২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মায় সেতুকে সাঁকো ভাবছে সরকার’

দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের সরকারের পরিকল্পনার সমালোচনা করেছেন এলডিপি সভাপতি অলি আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের সরকারের পরিকল্পনার সমালোচনা করেছেন এলডিপি সভাপতি অলি আহমদ। তিনি বলেছেন, “সরকার পদ্মা সেতু করাকে নদীতে সাঁকো দেওয়ার মতো বিষয় মনে করছে। এ ধরনের সাঁকো দেওয়া বা ভিত্তি প্রস্তর স্থাপন করলেই সেতু হয়ে যায় না। “দেশের বাইরের পয়সা, শ্রম ও দক্ষতা ছাড়া এত বড় সেতু নির্মাণ করার কথা ভাবা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।” রোববার সন্ধ্যায় বন্দর নগরীর একটি রেস্তোরাঁয় এলডিপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে অলি আহমদ একথা বলেন। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণে ১২০ ডলার ঋণ দেওয়ার চুক্তি বাতিল করে। এরপর ২৯০ কোটি ডলারের এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের ঘোষণা দেয় সরকার। পাশাপাশি দুর্নীতির অভিযোগ নাকচ করে বিশ্ব ব্যাংকের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলি আহমদ বলেন, “পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন পেতে সরকার ব্যর্থ হয়েছে। এ অবস্থায় গায়ের জোরে গালি দিয়ে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন পাওয়া সম্ভব নয়।” “পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানও অর্থায়ন করবে না,” বলেন তিনি। এলডিপির চট্টগ্রাম মহানগর সভাপতি এম ছলিম উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন এলডিপির সহ সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম (দক্ষিণ) জেলা সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১০০ ঘ