ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আয়োজনের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার সকালে উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের এক আলোচনা সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, হুমায়ূন আহমেদ আওয়ামী লীগ, বিএনপি কিংবা কোনো দলের নন। তিনি ১৬ কোটি মানুষের প্রাণের মানুষ ছিলেন।
“সরকারকে বলব, তার শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান কোনো দলীয় সংগঠনের আয়োজনে নয়, সরকারিভাবে অথবা হুমায়ূন আহমেদের পারিবারের তত্ত্বাবধায়নে করা হোক।”
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ূনের। তিনি বৃহদান্ত্রের ক্যান্সারে ভুগছিলেন।
বাংলাদেশ সময় রোববার সকাল ৯টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে এই কথাশিল্পীর মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা। সোমবার সকালে তার মরদেহ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ওইদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
এর বিরোধিতা করে ফারুক বলেন, “জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের মতো এতো বড় ব্যক্তির মৃত্যুতে পুরো জাতি শোকাভিভূত। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। এখন শুনেছি, এই নন্দিত লেখকের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আওয়ামী লীগ সমর্থিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে হবে।”
“সরকারকে বলব, হুমায়ুন আহমেদকে নিয়ে অনুষ্ঠানের দলীয়করণ করবেন না। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে আবার মারবেন না,” যোগ করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে ‘শিক্ষাঙ্গনে দলীয়করণ ও সন্ত্রাস, পদ্মাসেতুর নামে চাঁদাবাজি ও রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
এতে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’ নিয়েও সরকারের সমালোচনা করেন ফারুক।
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানির উদ্ধৃতি টেনে জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, সরকার র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিতর্কিত করে ফেলেছে।
গত ৪ জুলাই নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউর) এক প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবকে দায়ী করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়।
উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের উপদেষ্টা এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০৯ ঘ.
bdnews24