নোয়াখালী, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আটজন আহত হয়েছে।
শনিবার সকালে শিবিরের একটি মিছিলে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে রমজান মাসকে স্বাগত জানিয়ে শিবিরের কর্মীরা একটি মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। শিবির কর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশ লাঠি চালায়।
পুলিশ লাঠিপেটা শুরু করলে শিবিরকর্মীরা পাল্টা ইট ছুড়তে থাকে। এতে পুলিশের দুই কনস্টেবলসহ আটজন আহত হয়।
এই সংঘর্ষে ছবি তোলার সময় আমার দেশের নোয়াখালী সংবাদদাতা মাহমুদুল হাসান রাসেলের ক্যামেরা ছিনিয়ে নেয় পুলিশ।
সংঘর্ষস্থল থেকে পুলিশ রাসেলসহ ২০ জনকে আটক করেছে।
সুধারাম থানার ওসি আবুল কালাম চৌধুরী সাংবাদিকদের বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ায় তাদের আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩১ ঘ.
bdnews24