গাজীপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি।
সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা ও সাধারণ মানুষজন অংশ নেন।
মানববন্ধন শেষে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন মহি, অধ্যক্ষ জাহিদ আল মামুন, জেলা বিএনপি নেতা ডা. মাজহারুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ডা. নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কলিম উদ্দিন প্রমুখ।
প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের ঘোষণা অবিলম্বে না দেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা হুমকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৮ ঘ.
bdnews24