২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিমের আসনে উপনির্বাচন সেপ্টেম্বরে

তানজিম আহমেদ সোহেল তাজের নির্বাচনী এলাকা গাজীপুর-৪ আসনে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উপ-নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তানজিম আহমেদ সোহেল তাজের নির্বাচনী এলাকা গাজীপুর-৪ আসনে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উপ-নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ীই গাজীপুর-৪ আসনের উপনির্বাচন হবে। ঈদের আগেই উপনির্বাচনের তফসিল ঘোষণার আভাস দেন তিনি। আওয়ামী লীগ থেকে নির্বাচিত তানজিম পদত্যাগ করায় গাজীপুর-৪ আসনটি শূন্য হয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে এই আসনে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সিইসি বলেন, রংপুর ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনও যথাসময়ে হবে। জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, আইন অনুযায়ী সব নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র না পৌঁছানো পর্যন্ত এটা চাওয়ার বাধ্যবাধকতা নেই। যেসব প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে তাদেরকে সতর্ক করে চিঠি দেওয়া হবে বলেও জানান সিইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১২৫ ঘ.