ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে স্নায়ুবিরোধ দূর করার তাগিদ দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কাজের মধ্য দিয়ে এ দূরত্ব ঘোচাতে হবে।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত কার্য অধিবেশন শেষে বেরিয়ে এসে তিনি এ কথা বলেন।
সম্মেলনে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং সচিব আবু আলম মো. শহিদ খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী নানক বলেন, “জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব স্পষ্ট করা হয়েছে। এখন তাদের মধ্যে তেমন কোনো মতপার্থক্য নেই। তবে স্নায়ুবিরোধ রয়েছে। কাজের মাধ্যমে তা ঘোচানো সম্ভব।”
অধিবেশন সম্পর্কে তিনি জানান, সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এসব কার্যক্রম দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপস্থিত জেলা প্রশাসকরা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতসহ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা প্রসঙ্গে নানক বলেন, “বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির বিবরণ দ্রুত মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।”
জেলা পর্যায়ে সমবায় বাজার ও হাট স্থাপনের মাধ্যমে গোটা দেশকে বাজার ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৩৩ ঘ.
bdnews24