চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেলেন চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর ও সাতকানিয়ার সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক মুনতাসীর আহমেদ মামলার ধার্য্য তারিখে জামিনের এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ধার্য্য তারিখে জামায়াত নেতার জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
“জামিন পাওয়ায় এ শামসুল ইসলামের মুক্তি পেতে আর কোন বাধা রইল না।”
গত ২৯ মে এ মামলায় শামসুল ইসলামের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছিল আদালত। এর একদিন আগে ২৮ মে উচ্চ আদালত থেকে জামিনে থাকা শামসুল নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিন নিয়েছিলেন।
গত ১৩ মে নগরীর কাজীর দেউরী ও নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়। সেদিন তিনটি গাড়ি পোড়ানো এবং অর্ধশত যানবাহন ভাংচুর করে বিএনপি-জামায়াতকর্মীরা।
এ ঘটনায় কোতোয়ালি ও খুলশী থানায় পুলিশ বাদি হয়ে দ্রুত বিচার আইনে তিনটিসহ মোট ছয়টি মামলা করে। এতে বিএনপি ও জামায়াতনেতাসহ অনেককেই আসামি করা হয়।
এদিকে কোতয়ালি থানার অপর দ্রুত বিচার আইনের মামলায় একই আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ অন্যান্য আসামিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৪৩ ঘ.
bdnews24