ঢাকা, জুলাই ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করেনি- তা প্রমাণ করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বলেন, “অন্য কোনো গণতান্ত্রিক দেশে এ রকম অভিযোগ হলে নৈতিকতার স্বার্থে সরকার পদত্যাগ করতো। আমরা জোর দাবি জানাতে চাই, দুর্নীতির দায় স্বীকার করে নৈতিকতার স্বার্থে আপনারা (সরকার) পদত্যাগ করুন।”
বিশ্বব্যাংক ‘নিশ্চিত হয়েই’ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে- এমন দাবি করে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনারা পদ্মাসেতু দুর্নীতির সঙ্গে জড়িত নন, তা প্রমাণের জন্য বিশ্বব্যাংকের চিঠিগুলো প্রকাশ করুন।”
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘পদ্মাসেতু নির্মাণের আগে দুর্নীতি, বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল, আর্থিক সংকটে বাংলাদেশ ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এ আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিশ্ব ব্যাংকের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
“অভিযুক্তরা হলেন- সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, অর্থমন্ত্রী ও এবং স্বয়ং প্রধানমন্ত্রী। সরকারকে বলব, স্বচ্ছতার স্বার্থে বিশ্বব্যাংকের চিঠিগুলো প্রকাশ করুন। দেশের জনগণ জানতে চায়- কারা পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত”, বলেন ফখরুল।
এই ‘দুর্নীতি’ থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরিয়ে নিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “বর্তমান সরকার দুর্নীতিতে এতোই পারঙ্গম যে, ৩৫ মিলিয়ন ডলার হজম করে বসে আছেন। কানাডার একটি কোম্পানির কর্মকর্তাকে কানাডীয় পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। ওই কর্মকর্তা পুলিশের কাছে স্বীকার করেছেন, সেতুর নির্র্মাণ কাজ পাওয়ার জন্য ৩৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন। অর্থায়ন ছাড়ের আশায় এভাবে আগেই কমিশনের টাকা লেনদেন হয়েছে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার চুক্তি করলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করায় এখন নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণের কথা বলছে সরকার। সোমবার মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফখরুল বলেন, “বিশ্ব ব্যাংক চুক্তি বাতিলের পর সরকারের মন্ত্রীদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের বক্তব্যে মনে হচ্ছে, তারা খেই হারিয়ে ফেলেছেন। সংসদে প্রধানমন্ত্রীকেও আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করতে দেখা গেছে।”
‘জিয়া আদর্শ সংসদ’ আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী টি এম গিয়াস উদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা সাংসদ নিলোফার চৌধুরী মনি, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, সাবেক সাংসদ হেলেন জেরিন খান ও সংগঠনের সভাপতি খন্দকার গোলাম আজাদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫১৫ ঘ.
bdnews24