২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার’

সরকার পরিকল্পিতভাবে দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পরিকল্পিতভাবে দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। সরকার ‘ব্যর্থ’ হয়েছে দাবি করে তিনি বলেন, “দেশ বর্তমানে এক অন্ধকার সময় পার করছে। প্রশাসন, বিচার বিভাগে দলীয়করণের কারণে দেশে আইনের শাসন বলে কিছু নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে জাতীয় সংসদকে তারা (সরকার) অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করে রেখেছে।” সেইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীর সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার বিরোধী চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান ফখরুল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা, আগামী দিনের নেতৃত্ব ও তারেক রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এই বিএনপি নেতা দাবি করেন যে, মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সীমান্তে প্রতিনিয়ত হত্যাকা- হচ্ছে। “তারা (সরকার) আছেন কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে। আর সেজন্য সরকার সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বিধান সংযোজন করেছে।” তারেক রহমানকে দেশের ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, তার (তারেক রহমান) নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি ২০০৭ সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক রহমানের ওপর কথিত নির্যাতনের কথাও উল্লেখ করেন। “ওই সময় অবৈধ তত্ত্বাবধায়ক সরকার নির্যাতন চালিয়ে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে।’’ ছাত্রদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, সাবেক সভাপতি আমান উল্লাহ কবীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, কবি আল মুজাহিদী, কবি আবদুল হাই শিকদার, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ছাত্রদলের সদ্য কারামুক্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিএনপির আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, মুস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, আনিসুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৬ ঘ.